নভেল করোনাভাইরাসের কারণে এবার ক্রেতাশূন্য হয়ে পড়ছে বরিশালের স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার শাখা খালের নৌকার হাট। উপজেলার সন্ধ্যা নদীর বুক চিরে থানার পাশ দিয়ে বয়ে যাওয়া আটঘর খালে বর্ষা মৌসুমে প্রতি শুক্রবার এ হাট বসে। অন্যান্য বছর হাটবারে প্রচুর ক্রেতা সমাগম হতো। কিন্তু দেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে বেচাকেনায় ধস নেমেছে এ হাটে।
হাটের নৌকা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রত্যেক হাটবারে ৬০০-৭০০ নৌকা বিক্রি হয় এ হাটে। প্রতিটি নৌকা গড়ে ৩ হাজার টাকা দামে বিক্রি হলেও হাটবারে ২১ লাখ টাকার নৌকা বেচাকেনা হয়। তবে এ বছর করোনাভাইরাসের প্রকোপে হাটে ক্রেতা উপস্থিতি একেবারেই কমে গেছে। তাই বেচাকেনায় ভাটা পড়েছে।
জানা গেছে, হাটে আসা অনেকেই বংশপরম্পরায় নৌকা বিক্রেতা। তারা বছরের আট মাসই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নৌকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এসব ব্যবসায়ী নিম্নমধ্যবিত্ত শ্রেণীর। বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে নৌকার ব্যবসা করেন। কিন্তু এবার বিক্রি কমে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ নিয়েও বিপাকে পড়েছেন তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পেয়ারা তোলা, গো-খাদ্য সংগ্রহ, মাছ ধরা, নার্সারি ব্যবসাসহ বর্ষা মৌসুমে নানা কাজে এখানকার প্রত্যন্ত এলাকার মানুষের নিত্যসঙ্গী নৌকা। তাই কয়েক যুগ ধরে বর্ষা মৌসুমে আটঘরের এ খালে বসে নৌকার হাট।
চাম্বল, মেহগনি ও রেইনট্রি কাঠ দিয়ে বানানো বাহারি সৌন্দর্যের তিন থেকে চার শতাধিক নৌকা আসে প্রতি হাটে। আট হাত থেকে শুরু করে ১৪ হাত লম্বা নৌকা নিয়ে আসেন ব্যবসায়ীরা। আকার ও কাঠ অনুযায়ী প্রতিটি নৌকা বিক্রি হয় ২ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায়। চাম্বল কাঠ দিয়ে তৈরি ১০ হাত লম্বা একটি পেনিস নৌকা বিক্রি হয় ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকায়। বেপারির সব খরচ বাদ দিয়ে নৌকাপ্রতি লাভ থাকে ৪০০-৬০০ টাকা।
তবে নৌকা ব্যবসায়ীরা জানান, প্রতি হাজারে ১০০ টাকা খাজনা নেয়ায় তাদের ব্যয় কিছুটা বেশি হচ্ছে। এ কারণে আগের মতো নৌকা বিক্রি করে লাভ হচ্ছে না। অনেক সময় হাটে ক্রেতার অভাবে সস্তায় নৌকা বিক্রি করতে হয়।
উপজেলার ডুবি এলাকা থেকে আসা নৌকা বেপারি মো. ওবাইদুল মিয়া বলেন, আমার বাবা এ হাটে নৌকা বিক্রি করতেন। এখন আমিও করছি। প্রতি হাটবারে ৩০-৩৫টি নৌকা নিয়ে আসি। অন্যান্য বছর এ সময়ে প্রচুর নৌকা বিক্রি হতো। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে মানুষ বাজারে আসা বন্ধ করে দিয়েছে। তাই বেচাকেনাও কমে গেছে।
তিনি বলেন, বছরের আট মাস বিভিন্ন উপজেলার হাট ঘুরে নৌকা বিক্রি করি। নিজ এলাকার গ্রামের নৌকা কারিগরদের কাছে ঘুরে হাটের চাহিদা অনুযায়ী অর্ডার নিয়ে নৌকা বানিয়ে বিক্রি করি। তবে চলতি বছর হাটের বেচা-বিক্রি খুবই খারাপ। ধারদেনা করে প্রতি বছর ব্যবসায়ীরা হাটে চাঁই ও নৌকা নিয়ে আসেন। এভাবে বেচা-বিক্রি দিন দিন কমে গেলে অদূর ভবিষ্যতে দেশের গ্রামবাংলার প্রতিচ্ছবি উপজেলার ঐতিহ্যবাহী এ ব্যবসা বন্ধ হয়ে যাবে।