অ্যাম্বুলেন্স আটকে রাখল চালক সিন্ডিকেট, নবজাতকের মৃত্যু

একপর্যায়ে তারা ঢাকাগামী সেই অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের কবলে পড়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গি মোড়ে এ ঘটনা ঘটে।

রোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগমের প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে জেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়।

তবে বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে ঢাকা যাওয়ার জন্য ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স পাঁচ হাজার টাকায় ভাড়া করেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে গাড়িটির গতিরোধ করে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান নামের দুই ব্যক্তি। তাদের অ্যাম্বুলেন্স ব্যতীত অন্য কোনো অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে দিতে রাজি ছিলেন না তারা।

একপর্যায়ে তারা ঢাকাগামী সেই অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে। এ সময় রোগীর লোক বাধা দিলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়।এমন অবস্থায় দীর্ঘ ৪০ মিনিট আটকে থাকার পর শিশুটি সেখানেই মারা যায়। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা।

এদিকে ঘটনার পর ঘটনাস্থল থেকে সটকে পড়েন ওই দুই স্থানীয় অ্যাম্বুলেন্স চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পালং মডেল থানা পুলিশ

আরও