বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশন, কোয়াককোয়ারেলি সাইমন্ডস এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশনের বিভিন্ন বিভাগে জাতীয়ভাবে শীর্ষস্থান এবং বৈশ্বিক পর্যায়ে অবস্থান নিশ্চিত করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রীয় এ স্বীকৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আবারো তার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে।

গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ স্বীকৃতি পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে প্রথমবারের মতো গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে এ ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এ সাফল্য অর্জন করে।

টাইমস হায়ার এডুকেশন, কোয়াককোয়ারেলি সাইমন্ডস এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশনের বিভিন্ন বিভাগে জাতীয়ভাবে শীর্ষস্থান এবং বৈশ্বিক পর্যায়ে অবস্থান নিশ্চিত করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রীয় এ স্বীকৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আবারো তার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে।

এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গবেষণাগার ও মাঠ পর্যায়ের সব কর্মীর সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনগুলো বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়ন, উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য। এসব উদ্ভাবন দেশের খাদ্য ও কৃষি নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তিনি। পাশাপাশি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান উদ্ভাবন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সমৃদ্ধ বাংলাদেশ’ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

‘উদ্ভাবনকে বাজারে নেওয়া’ প্রতিপাদ্যে আয়োজিত মেলায় দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে। বিশ্ববিদ্যালয়গুলো মেলায় ১ হাজারের বেশি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এ মেলায় তাদের উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির বেশি প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত শীর্ষ ১২টি জাত ও প্রযুক্তি উপস্থাপন করে। কৃষি, গবেষণা ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এসব উদ্ভাবনী প্রযুক্তির বৈজ্ঞানিক গুরুত্ব, বাস্তব প্রয়োগযোগ্যতা, সৃজনশীলতা ও বাণিজ্যিক সম্ভাবনা দর্শনার্থী, শিল্প উদ্যোক্তা ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের সঙ্গে তুলনামূলক মূল্যায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগুলোকে অধিক সম্ভাবনাময় ও জনকল্যাণমুখী হিসেবে বিবেচনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উদ্ভাবকও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর অন্যতম প্রধান লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবনকে শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করা। একই সঙ্গে গবেষণালব্ধ প্রযুক্তির বাণিজ্যিক সম্ভাবনা তৈরি এবং দেশীয় প্রযুক্তিকে মানুষের জীবন ও অর্থনীতির কাজে লাগানোও এ আয়োজনের লক্ষ্য। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে রূপান্তরের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ নেয়া হচ্ছে।

আরও