মেহেরপুর সীমান্ত দিয়ে শিশুসহ ১২ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল দুপুরে গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ অভ্যন্তরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ১২ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি খুলনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। বিজিবি কাজিপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিনের কাছে বিএসএফের কোম্পানি কমান্ডার সাব্বিন্দার সিং তাদের হস্তান্তর করে। পরে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হবে।