গাজীপুরে নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, মালিকের তিন মাসের কারাদণ্ড

আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে একটি অবৈধ কারখানা সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে কারখানার মালিক আব্দুল আউয়ালকে (৪৪) পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা মোড় এলাকায় আব্দুল আউয়াল অনেকদিন যাবত একটি অবৈধ কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় দেখা যায়, কারখানায় প্লাস্টিকের দানা থেকে নিষিদ্ধ পলিথিন তৈরি করা হচ্ছিল। সেখান থেকে বিপুল পরিমাণ পলিথিন, প্লাস্টিকের কাঁচামাল ও উৎপাদনযন্ত্র জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, কারখানাটিতে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করা হচ্ছিল। তাই পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কারখানাটি সিলগালা করে মালিককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযানে কাপাসিয়া থানা পুলিশ সহযোগিতা করে। পরে দণ্ডপ্রাপ্ত আব্দুল আউয়ালকে পুলিশের প্রহরায় গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আরও