বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নাই। আবার আমরা এটাও চাই না একটা দেশ দীর্ঘদিন জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া পরিচালিত হোক। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠিত হবে। যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকার একটি সরকার প্রতিষ্ঠিত হবে। যত দ্রুত সম্ভব আমরা সেটা চাই। সরকার ডিসেম্বর থেকে জানুয়ারি বললে সমস্যা নাই, কিন্তু ডিসেম্বর থেকে জুন বললে আমাদের দ্বিধা লাগে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড় হিজলী মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশে গত কয়েক দিন একটি বিনিয়োগ সম্মেলন হচ্ছে কিন্তু দেশে যদি রাজনৈতিক সরকার না থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, গণতান্ত্রিক সরকার না থাকে তাহলে বিনিয়োগ আসবে না। বিনিয়োগ প্রয়োজন-আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু বিনিয়োগকারী ঘুরে গেলে তো চলবে না। আমাদের জীবনমানের উন্নয়ন, দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে মিন্টু বলেন, মানুষ বিএনপির ওপর বিরক্ত হয় এমন কোনো কাজ করা যাবে না। আর কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায় সরকার আইন অনুযায়ী তার ব্যবস্থা নেবে।
এর আগে বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড় হিজলী মাদ্রাসা প্রাঙ্গণে লাল তীর বীজের হাইব্রিড পেঁয়াজ প্রদর্শন ও মাঠ দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও লাল তীর বীজের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
এ সময় রাজবাড়ী জেলা কৃষি কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাল তীর বীজের জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল ও হারুন অর রশিদ হারুন।