সিপিডির বৈঠকে নীলিমা আখতার

বৈদ্যুতিক যানবাহনের নামে মোটরসাইকেল দিয়ে বাজার সয়লাব

বর্তমানে দেশের গণপরিবহন খাতে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটছে, যা এ খাতের আধুনিকায়নে সহায়ক ভূমিকা রাখছে। তবে কেবল ক্ষুদ্র যানবাহনের দিকে না ঝুঁকে উন্নত মানের বাস বা বড় যানবাহনের ওপর জোর দেয়া প্রয়োজন

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে ভবিষ্যতে পণ্য পরিবহন ও ব্যবস্থাপনায় বড় ধরনের রূপান্তর আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার। তিনি বলেন, এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বৈদ্যুতিক যানবাহনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। তবে বৈদ্যুতিক যানবাহনের নামে মোটরসাইকেল দিয়ে বাজার ভরে ফেলা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিড) সম্মেলন কক্ষে ‘শহরে পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক তিন চাকার যান সংযুক্তকরণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন নীলিমা আখতার। সিপিডি এ আলোচনার আয়োজন করে।

তিনি বলেন, বর্তমানে দেশের গণপরিবহন খাতে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটছে, যা এ খাতের আধুনিকায়নে সহায়ক ভূমিকা রাখছে। তবে কেবল ক্ষুদ্র যানবাহনের দিকে না ঝুঁকে উন্নত মানের বাস বা বড় যানবাহনের ওপর জোর দেয়া প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, উন্নত মানের বাস আমদানির ক্ষেত্রে বর্তমানে উচ্চ মাত্রার কর ও শুল্ক একটি বড় বাধা হিসেবে কাজ করছে। সমস্যা সমাধানে আমদানিকারক ও যারা এ যানবাহনগুলো পরিচালনা করেন, তাদের মধ্যে একটি সমন্বয় তৈরির চেষ্টা চলছে।

সড়কের শৃঙ্খলা বজায় রাখতে যত্রতত্র গাড়ি না থামিয়ে নির্দিষ্ট স্থানে সঠিক নিয়মে গাড়ি দাঁড় করানোর অভ্যাস তৈরির ওপর জোর দেন নীলিমা আখতার। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার কোনো বিকল্প নেই। গণপরিবহন ব্যবস্থার কাঠামোগত নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে অভিমত তার।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেনে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহমেদ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আসিফ-উজ-জামান খান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের অটোমোবাইল রক্ষণাবেক্ষণ ও তাপ প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ভবতোষ চক্রবর্তী, রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন। এ সময় গবেষণাপত্র উপস্থাপন করেন সিপিডি পোগ্রাম অ্যাসোসিয়েট মো. খালিদ মাহমুদ।

আরও