রাজধানীর বাড্ডার আফতাবনগরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শাহবাগে অবস্থিত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধবার হলেন— তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মুনসুরা বেগম (৩৫) এবং তাদের তিন সন্তান তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিশা (৪)।
তফাজ্জল হোসাইনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক এবং পরিবারসহ আফতাব নগরে বসবাস করেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আফতাবনগরের একটি বাসার রান্নাঘরে কোনোভাবে গ্যাস চালু করা ছিল। পরে রান্নার চুলা জ্বালাতে গিয়ে সেখানে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে পরিবারে সবাই দগ্ধ হয়।
হাসপাতালের তথ্য বলছে, তোফাজ্জল হোসাইনের শরীরের ৮০ শতাংশ ও তাঁর স্ত্রীর শরীরের ৬৫ শতাংশ পুড়েছে। তাদের তিন সন্তানের মধ্যে তানিশার ৩০ শতাংশ এবং তানজিলা ও মিথিলার ৬০ শতাংশ করে পুড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ নগর এলাকার নিচতলার ওই ফ্ল্যাটে কোনোভাবে গ্যাস জমে ছিল। রাতে রান্নার সময় চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এবং বাসায় থাকা সবাই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।