কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুষ্কৃতকারীদের গুলিতে নারী নিহত ও এক হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সকালে ময়নারঘোনা ক্যাম্প-৮ এবং ক্যাম্প-১২তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত রোহিঙ্গা নারী নূর কায়েস (২৫) ক্যাম্প-৮ ইস্টের নজুম উদ্দিনের স্ত্রী এবং গুলিবিদ্ধ আবদুর রহিম (৩৮) উখিয়ার ১২নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৪ ব্লকের হেড মাঝি।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল উখিয়ার ময়নারঘোনা ক্যাম্পে একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে মাঝি আবদুর রহিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। অন্যদিকে ক্যাম্প ৮-ইস্টে একদল অস্ত্রধারী রোহিঙ্গা নারী নূর কায়েসকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।