চাহিদানুযায়ী গ্যাস না পাওয়ায় এ অঞ্চলের শিল্প-কারখানার উৎপাদন কাজ প্রায় স্থবির হয়ে পড়েছে। সংকট থেকে শিল্পাঞ্চলকে রক্ষা করা ও তিতাস গ্যাসের সুষম বণ্টন নিশ্চিতের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
নরসিংদী সদরের সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে সঙ্গে নিয়ে ‘বাংলাদেশ টেক্সটাইল ডায়িং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে এ আবেদন জানানো হয়। সংগঠনের সহসভাপতি মো. মোমেন মোল্লা স্বাক্ষরিত এ আবেদনপত্রে আঞ্চলিক শিল্প খাতের বর্তমান করুণ চিত্র তুলে ধরা হয়।