ধনবাড়ী-মধুপুরের সব উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে —তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ধনবাড়ী-মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এলাকার রাস্তা, সেতু, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বরদাশত করা হবে না।

গতকাল ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ধনবাড়ী-মধুপুরের জনগণের ভোট ও আস্থার কারণেই সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। জনগণের এ আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিতে চাই।’

সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই উন্নয়নকাজ শুরু করেছে। পর্যায়ক্রমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

মন্ত্রী আরো বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারদের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। জনগণের অর্থে নির্মিত কোনো প্রকল্পে অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। কোথাও অনিয়ম দেখা গেলে স্থানীয় জনগণকে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানান তিনি।’ আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ধনবাড়ী ও মধুপুরে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও জুয়ার স্থান হবে না। অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।’

এর আগে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে নিজ এলাকার ধনবাড়ী নবাব ঈদগাহ ও খেলার মাঠের মাটিভরাট কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী নেতা, সুধীজন ও বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

আরও