সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যকার পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, আজ শনিবার (১৬ই আগস্ট) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে সকাল থেকে দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। সেইসঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি ডেলিভারি দেয়াসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
জন্মাষ্টমীর ছুটি শেষে আগামীকাল রোববার সকাল থেকে আবারো দু'দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ সব কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রমে কোনো বন্ধ নেই। প্রতিদিনের ন্যায় আজও এই পথ দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবেন।