গতকাল বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এ সময় উপাচার্য বলেন, ‘ইউজিসির চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়গুলোয় ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করা হবে। এজন্য দুই মাসের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের আগেই একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘দায়িত্ব নেয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সেবাদানকারী দপ্তরগুলো পরিদর্শন করছি, যারা ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের সেবা প্রদান করে। এসব দপ্তরের কার্যক্রম কেমন চলছে এবং ছাত্র-ছাত্রীদের প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা—সেটিই আমাদের মূল বিষয়। আবাসিক হলগুলোয় অবস্থানরত শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা নিয়ে অসন্তোষ রয়েছে। তারা মানসম্মত ইন্টারনেট সেবা পাচ্ছেন না। যেহেতু আইসিটি সেন্টার এ দায়িত্বে রয়েছে, তাই এখানকার প্রশাসনের কাছে জানতে চেয়েছি, কীভাবে দ্রুত এ সমস্যাগুলোর সমাধান করা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করব।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. ছাইফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরনো শের-ই-বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল পরিদর্শন করেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন।