সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে শিশুসহ অজ্ঞাত তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দু-এক দিন আগে তাদের মৃত্যু হয়েছে। গরমে মরদেহগুলো ফুলে গিয়ে কক্ষে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, তিনজনের মধ্যে পুরুষ, নারী এবং শিশু রয়েছে। তাদের মধ্যে পুরুষের মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল। পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে নিহতদের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো পুলিশ জানায়নি।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন তারা। কক্ষটির দরজা ও জানালা প্রায় সময় বন্ধ থাকত। শুক্রবার রাতে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।