মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত নাসিমা ডাসার উপজেলার পশ্চিম বোতলা এলাকার ইজু মিয়া শেখের স্ত্রী।
ডাসার থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা বেগম মাদারীপুরের একটি হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, মাইক্রোবাসটি ইজিবাইককে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।