সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার-কাম মেসেঞ্জার পদে এমসিকিউ পরীক্ষায় বিশেষ ডিভাইস ব্যবহারের সময় ১২০ প্রার্থী আটক হয়েছেন। গতকাল বিকালে শহরের পৃথক পাঁচটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিশেষ ডিভাইস উদ্ধার করা হয়। পরে তাদের বহিষ্কার করা হয়।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী এইচএমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিজয় তালুকদার বলেন, ‘প্রশ্ন দেয়ার পর প্রশ্ন না পড়েই কিছু পরীক্ষার্থী যখন উত্তর দাগাচ্ছিল, তখনই তাদের সন্দেহ হয়। একজনকে সন্দেহের বশে আটক করার পর ডিভাইস উদ্ধার করা হয়। এর ১০-১৫ মিনিটের মধ্যে বাকিদের বিষয়ে তথ্য পাওয়া যায়।’
পল্লী বিদ্যুতের জিএম মিলন কুমার কুণ্ডু জানান, পাঁচ কেন্দ্রে ১ হাজার ৩০০ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। আগে থেকেই দায়িত্ব পালনকারী পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বলা হয়েছিল, দেশের অন্য কিছু এলাকায় নিয়োগ পরীক্ষায় এভাবে ডিভাইস ব্যবহৃত হয়েছে; তারা যেন সতর্ক থাকেন। সুনামগঞ্জের পাঁচটি কেন্দ্রে সতর্ক থাকায় ১২০ জনকে বহিষ্কার করা গেছে।