টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় এক সপ্তাহের মধ্যে আবারো ডুবল রাঙ্গামাটির অন্যতম পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় গতকাল সেতুটিতে চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত শুক্রবার সেতুর পাটাতনের ওপর প্রায় চার-পাঁচ ইঞ্চি পানি উঠে যায়। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় শুক্রবার বিকালে ঝুলন্ত সেতুর ওপর প্রায় চার ইঞ্চি পানি ওঠে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঝুঁকি এড়াতে সেতু দিয়ে পারাপার বন্ধ করা হয়েছে। পানি কমে গেলে আবার পর্যটকদের জন্য সেতুটি খুলে দেয়া হবে।
মূলত চেঙ্গী, মাইনী ও কাচালং নদী এবং ভারতের মিজোরাম থেকে আসা কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে পড়ায় কয়েক দিন ধরে হ্রদের পানির উচ্চতা বাড়ছে।