দুই চিকিৎসক দিয়ে চলছে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্ভোগে রোগীরা

প্রতিদিন ৪শ থেকে ৫শ জন রোগী হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিতে আসেন । ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে এর কার্যক্রম

চিকিৎসক সংকটে খুড়িয়ে খুড়িয়ে চলছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একমাত্র চিকিৎসাসেবা কেন্দ্র ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’। মাত্র দুজন চিকিৎসক দিয়ে বিপুল সংখ্যক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। এদিকে চিকিৎসক সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন হাসাপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

স্থানীয়সূত্রে জানা যায়, প্রতিদিন ৪শ থেকে ৫শ জন রোগী হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিতে আসেন । ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে এর কার্যক্রম। সেই সঙ্গে বন্ধ রয়েছে এক্স-রে পরিষেবা। হাসপাতালটিতে ১১ জন মেডিকেল অফিসারের জায়গায় আছেন মাত্র একজন। আর ছয় জন কনসালটেন্টের জায়গায় আছেন একজন। এছাড়াও হাসপাতালটিতে চতুর্থ শ্রেণির অধিকাংশ পদই শূন্য। এতে করে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসক ও নার্সরা।

হাসপাতালের মেডিক্যাল অফিসার জানান, তিনিসহ মাত্র দুজন চিকিৎসক হাসপাতালটিতে কর্মরত। এতে চিকিৎসক সংকটের কারণে তাদের দুজনের পক্ষে ২৪ঘন্টা সপ্তাহজুড়ে সেবা দেয়া সম্ভব হয় না। ইমাজেন্সি রোগী আবার ইনডোরে ভর্তি রোগী, সবাইকে সামলানো অসম্ভব হয়ে ওঠে। নিজেরা সাধ্যমতো চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, ‘শারীরিক ও মানসিক চাপের মধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন এখানে যদি খুব দ্রুত চিকিৎসক পদায়ন করা হয় তাহলে আমরা উপকৃত হবো, তেমনি নবাবগঞ্জবাসী কাঙ্খিত সেবা পাবেন। ‘

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন বলেন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন মেডিক্যাল অফিসার ও ৬ জন কনসালটেন্ট থাকার কথা কিন্তু সেখানে বর্তমানে একজন মেডিক্যাল অফিসার ও একজন কনসালটেন্ট দিয়ে পুরো হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম চালাতে হচ্ছে। এরপরেও আরো বেশ কিছু সংখ্যক স্টাফের পদ শূন্য। যে কারণে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য যে সেবাগুলো রয়েছে সেগুলো দিতে পারছি না। এছাড়া চিকিৎসক অভাবে হাসপাতালের অপারেশন থিয়েটারটি বন্ধ হয়ে রয়েছে। যদি আমরা চিকিৎসক ও কনসালটেন্ট পাই তাহলে পুরো হাসপাতালের যে কার্যক্রম সেটি চালু করা সম্ভব।

আরও