স্বচ্ছ নীল জলরাশির পাশে সবুজ পাহাড়। এর মাঝে এঁকে বেঁকে চলা সড়ক। নির্মল প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে রাঙ্গামাটির ১৮ কিলোমিটারের আসামবস্তি-কাপ্তাই সড়কে ঘুরতে আসেন ভ্রমণপিপাসুরা। এক লেনের সড়কটিকে উন্নীত করে দুই লেন করে সৌন্দর্যবর্ধন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। যা নান্দনিকতায় এটি রূপ নিয়েছে নতুন মাত্রায়।
সম্প্রতি সৌন্দর্যবর্ধন ও নান্দনিক মুগ্ধতার কারণে বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেছে প্রকল্পটি।
গত ২৫ নভেম্বর গুলশানের ক্রাউন প্লাজায় এক অনুষ্ঠানে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেনের কাছে পুরস্কারটি তুলে দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টার প্রেসিডেন্ট অন্বেষা আহমেদ। এ সময় পুরস্কার গ্রহণ করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুর হোসেন হাওলাদার, রাঙ্গামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, রাঙ্গামাটি অফিসের সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল, সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরীসহ অনেকে।
এলজিইডির প্রকৌশলীরা বলছেন, এটি সম্পূর্ণ ডিপার্টমেন্টের জন্যই সাফল্য বয়ে এনেছে। প্রকল্পটির ম্যানেজার হিসেবে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেন এলজিইডির রাঙ্গামাটি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহামদ শফি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পিএমআইর বাংলাদেশ চ্যাপ্টার প্রতি বছরই দেশের ভৌত অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, জনবান্ধব ও সামাজিক দায়বান্ধব বিষয় নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করে থাকে। এবারের ২০২৩ সালের ‘সোশ্যাল ইমপ্যাক্ট’ ক্যাটাগরিতে বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটির‘আসামবস্তি-কাপ্তাই সড়ক। অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রকল্পটির ম্যানেজার ছিলেন রাঙ্গামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহামদ শফি।
উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী বণিক বার্তাকে জানান, সামাজিক ইমপ্যাক্টের ওপর এবারে আমাদের আসামবস্তি-কাপ্তাই সড়ক প্রকল্পটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছে। এবারের বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডে দেশের ৪৪টি প্রতিষ্ঠান ও দপ্তর আবেদন করেছে। এরমধ্যে আমাদের প্রকল্পটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। পুরো ডিপার্টমেন্টের সাফল্য বয়ে এনেছে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার প্রচেষ্টা করেছি। ১৮ কিলোমিটার সড়কটি এক লেনের সড়ক থেকে দুই লেনে উন্নীত করা হয়েছে। রয়েছে তিনটি নান্দনিক পিসিগার্ডার সেতুও।
প্রজেক্ট ম্যানেজার ও এলজিইডি রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী আহমদ শফি বণিক বার্তাকে জানান, রাঙ্গামাটির মতো দুর্গম এলাকার একটি প্রকল্প আন্তর্জাতিক পুরস্কার জিতেছে এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আমরা অত্যন্ত আনন্দিত।
উল্লেখ্য, ২০১৭ সালে রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের কারণে আসামবস্তি-কাপ্তাই সড়কটিরও বিভিন্নস্থানে ভাঙন ও খানাখন্দের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরবর্তী সড়কটির সংস্কার ও এক লেন থেকে দুই লেনে উন্নীতের পরিকল্পনা করে এলজিইডি। ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী প্রকল্প সম্পন্ন হয়েছে চলতি বছরের জুনে।