মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী বরিং মাঠে সেচ পাম্পে হাত ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই কৃষক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত নুরাল হক (৫০) ধর্মচাকী গ্রামের আজিজুল হকের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আবু তাহেরের ছেলে সাহারুল ইসলাম এবং আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নুরাল হক, সাহারুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্মচাকী বরিং মাঠে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের পাশে কাজ করছিলেন। কাজ শেষে হাত ধোয়ার জন্য সেচ পাম্পের কাছে গেলে হঠাৎ তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরাল হককে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট নুরাল হককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।