ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে হাইকমিশনারকে ভারতের জোরালো উদ্বেগের কথা জানানো হয়েছে। বিশেষ করে, কিছু চরমপন্থী গোষ্ঠী ঢাকার ভারতীয় মিশন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা বিঘ্নিত করার যে পরিকল্পনা ঘোষণা করেছে, সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করা হয়।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৭ ডিসেম্বর) তাকে তলব করা হয়। পরে নিজেদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘিরে চরমপন্থী গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে তাদের উদ্বেগের বার্তা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে হাইকমিশনারকে ভারতের জোরালো উদ্বেগের কথা জানানো হয়েছে। বিশেষ করে, কিছু চরমপন্থী গোষ্ঠী ঢাকার ভারতীয় মিশন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা বিঘ্নিত করার যে পরিকল্পনা ঘোষণা করেছে, সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে উগ্রপন্থী মহল যে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বয়ান তৈরি করার চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। ভারতের মতে, দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো যথাযথ তদন্ত সম্পন্ন করেনি বা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্যপ্রমাণ বিনিময় করেনি।

ভারত জোর দিয়ে উল্লেখ করে যে, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক মুক্তিযুদ্ধের অভিন্ন ইতিহাসের ওপর প্রতিষ্ঠিত, যা পরবর্তী সময়ে উন্নয়নমূলক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যমে আরো দৃঢ় হয়েছে। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং সব সময় স্বাধীন, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়ে এসেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী বাংলাদেশে অবস্থিত সব কূটনৈতিক মিশন ও পোস্টের নিরাপত্তা অন্তর্বর্তী সরকার নিশ্চিত করবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও