আগামী বছরের ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। শনিবার (২৭ জুন) বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৪৩তম বার্ষিক অধিবেশনে উপাচার্যের লিখিত ভাষণে তিনি এসব কথা বলেন।
এ সময় উপাচার্য আয়োজন সফল করতে সবার পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
উপাচার্য বলেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। তিনি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন আয়োজন করতে আগ্রহী। এ বিষয়ে তিনি সিনেট সদস্যদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
লিখিত ভাষণে অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের বর্তমান জনবল ও শিক্ষার্থীর সংখ্যাও তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৭০৭ জন শিক্ষক, ৩৯২ জন কর্মকর্তা, ৯৯৮ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ৪৫৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে শিক্ষক রয়েছেন ৪৭ জন।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ১৯৭ জন। এমফিল গবেষকের সংখ্যা ৯১৬ জন এবং পিএইচডি গবেষকের সংখ্যা ৯৫৪ জন।
এর আগে গত বছর অনুষ্ঠিত ৪২তম সিনেট অধিবেশনে উপাচার্য ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ৭ম সমাবর্তন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে সর্বশেষ সিনেট অধিবেশনে তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে সমাবর্তন আয়োজনের পরিকল্পনার কথা জানান।