জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসছে নির্বাচনে আমরা দলীয় সরকার গঠন করতে চাই না, পরিবারতন্ত্র চাই না, জামায়াত জিতুক সেটাও চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। আজ বুধবার কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত 'নির্বাচনী জনসভা' অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, চব্বিশের শহীদদের রক্ত আমাদের নদীকে লাল করে রেখেছে। আমরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমরা দমে যাব না, জাতিকে নিয়ে মুক্তির মঞ্জিলে পৌঁছে যাব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, মায়েদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। চব্বিশের আন্দোলন প্রথম জ্বলে ওঠে ১৫ জুলাই, যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত দিয়েছিল, ওইদিন পুরো দেশ জ্বলে উঠেছিল। এরাই আমাদের শক্তি যুগিয়েছিল। আর আজ এ মায়েদের-বোনেদের হেনস্তার শিকার হতে হচ্ছে। এজন্য আমরা লজ্জিত। কথা দিচ্ছি, সব কিছু বিনিময়ে ঘরে, বাইরে, কর্মস্থলে সবখানে আপনাদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করব।
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের হাতে অপমানজনক বেকারভাতা তুলে দেব না। সবাইকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। যুবকরা তৈরি হয়ে যাও, এ বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি।
কুড়িগ্রাবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, এ কুড়িগ্রামের দুঃখ তিনটি নদী। বর্ষা এলেই এ অঞ্চলের মানুষের বুক কাঁপে। এখানকার নদীগুলোকে হত্যা করা হয়েছে। নদীকে বাঁচিয়ে রাখার টাকা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে সবগুলো চোর। সব টাকা টেনে বের করা হবে। রাষ্ট্রের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।
এ সময় কুড়িগ্রামকে দেশের সব থেকে বঞ্চিত জেলা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ কুড়িগ্রাম থেকে উন্নয়ন শুরু হবে। কোনো দাবি জানাতে হবে না, এটা আমাদের নৈতিক দায়িত্ব হবে। এ কুড়িগ্রামে কৃষি-বিপ্লব ঘটানো হবে। কেউ বেকার থাকবে না। সবাই কাজ পাবে। বঞ্চিত এ জেলার মায়েদের গর্ভ থেকেই আগামীর প্রধানমন্ত্রী জন্ম নেবে।