ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর নাম ওয়াজকরনি (৪)। সে নয়নপুর গ্রামের দিনমজুর দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামের একটি টিনশেড ঘরের একপাশে মা-বাবার সঙ্গে থাকত ওয়াজকরনি। ঘরের অন্য পাশে রাখা হয় দুটি গরু। আর ঘরের বারান্দায় ছিল রান্নাঘর। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওয়াজকরনির মা মুর্শেদা খাতুন ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে পাশের বাড়িতে যান। এ সময় চুলা থেকে ঘরে আগুন ধরে যায়। টের পেয়ে স্থানীয়রা এসে ঘরের ভেতরে বেঁধে রাখা গরু দুটি বের করতে পারলেও ওয়াজকরনিকে উদ্ধার করতে পারেননি।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভান এবং ঘরের ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গোয়ালঘরে বিদ্যুতায়িত হয়ে বুলবুল মিয়া (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে বুলবুল মিয়া নামে এক কৃষক মারা গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার সদর ইউনিয়নের খাতীখলা গ্রামের সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিনের ছেলে কৃষক বুলবুল মিয়া। তিনি গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে শোয়ার ঘরের পাশের গোয়ালঘরে গরু দেখতে গিয়ে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গফরগাঁও সদর ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত হয়েই তার মৃত্যু হয়েছে। সে মনে করেছিল চোর গরু চুরি করতে গোয়ালঘরে ঢুকেছে।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার জানান, এসব ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।