খুলনা নগরে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নগরের লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম গাজী (৪৫) দক্ষিণ লবণচরার মাথাভাঙা এলাকার রতন গাজীর ছেলে। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এলাকায় তিনি ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) রেজাউর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার পর কাজীপাড়া বাজারে বসেছিলেন রফিকুল ইসলাম। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরা এক ব্যক্তি তার পেটে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, শহরের খুনের ঘটনাগুলোর সঙ্গে বেশির ভাগ ক্ষেত্রেই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা দেখা গেছে। এসব ঘটনায় খবর পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে।