আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস এন নজরুল ইসলাম বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ নামের এক আসামিকে গ্রেফতার করে জনসম্মুখে ঘুরিয়েছিল পুলিশ। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে আবারো চাঁদাবাজি করছে- সাংবাদিকদের এমন প্রশ্নে নজরুল ইসলাম বলেন, জামিনের বিষয়টি আদালতের। কাকে শাস্তি দেবেন বা দেবেন না, এটা আদালতের বিষয়। আমরা আমাদের কাজ করে যাব। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ পাব, আমরা গ্রেফতার করব, তাদের নিয়ে তথ্য সংগ্রহ করব এবং আদালতে পাঠাব।