রংপুরের মিঠাপুকুর উপজেলার যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার শঠিবাড়ি ভাবনা পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রংপুরের বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাজাহান আলী বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে মায়ের দোয়া পরিবহনের একটি বাস রংপুরের দিকে আসছিল। এ সময় শঠিবাড়ি এলাকার ভাবনা পেট্রল পাম্প এলাকায় বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী প্রাণ হারান। আহত হন আরও পাঁচ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতদের মরদেহ উদ্ধার করে বড়দড়গা পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। যাত্রীবাহী বাস ও ট্রাক আটক করা হয়েছে বলে জানান এসআই শাহাজাহান আলী।