সড়ক ও ট্রেন দুর্ঘটনা

দিনাজপুর ও নরসিংদীতে দুই শিক্ষার্থী নিহত

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় হাসান আলী নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় হাসান আলী নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নাঈম নামের আরেকজন আহত হয়েছে। অন্যদিকে নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম সুমাইয়া আক্তার।

বিরামপুরে নিহত হাসান আলী উপজেলার থানা পাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। সে এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। এ দুর্ঘটনায় আহত নাঈম একই এলাকার নিয়ামত হকের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, ‘দুই বন্ধু বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় গোবিন্দগঞ্জ থেকে আসা দ্রুতগামী একটি মালবাহী পিকআপ উপজেলার পল্লবীর মোড় নামক এলাকায় এলে পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হাসান আলী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিকআপের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

অন্যদিকে নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামে দশম শ্রেণীর এক ছাত্রী মারা গেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার বিলাসদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া বিলাসদী এলাকার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে এবং শহরের ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, দুপুরে প্রাইভেট পড়া শেষে রেললাইনসংলগ্ন বাসায় ফিরছিল ওই ছাত্রী। রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও