গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ওসি আমিনুল ইসলাম জানান, ধীরাশ্রম এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে।
প্রাথমিকভাবে নিহত তিনজনই পুরুষ এবং তারা অটোরিকশার যাত্রী ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।