বিএনপিতে হুন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সম্প্রতি জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোডাউনের সমলোচনা করে এ মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, বিএনপি একটি সংঘবদ্ধ দল। জিয়াউর রহমান দলটিকে এমনভাবে তৈরি করেছেন এখন ঘরে ঘরে বিএনপি, ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান।
বিএনপি গণমানুষের দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সমর্থন বুঝাতে অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র্যালি করার প্রয়োজন হয় না। একটি দল প্রমাণ করতে চায়, তাদের হাজার হাজার লোক। বিএনপির এসব হোন্ডা-গুন্ডার রাজনীতি প্রয়োজন হয় না।
আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি যেন ধানের শীর্ষ প্রতীকে বিজয় আনতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এ্যানি।
বৈঠকে জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট হাফিজ উল্যাহসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।