গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব সেচপাম্প দিয়ে ধানের জমিতে পানি দিতে যান। পাম্প চালুর সময় হঠাৎ বৈদ্যুতিক তারে শিহাব মিয়া জড়িয়ে পড়েন। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান তারা।
এর প্রায় আধা ঘণ্টা পর শহিদুল ইসলামের স্ত্রী চায়না বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। প্রথমে শিহাবের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কিছুক্ষণ পর পুকুর থেকে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করেন গ্রামবাসী।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।