অবৈধ অস্ত্র উদ্ধারে নেত্রকোনার বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। পূর্বধলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করার তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী। যদিও আটককৃতদের নাম ঠিকানা এখনো প্রকাশ করা হয়নি।
এই অস্ত্র উদ্ধারে নেতৃত্ব দিয়েছেন পূর্বধলা ক্যাম্পের ক্যাপ্টেন আকিব। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীত সরকার।
নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার শুক্রবার (৬ সেপ্টম্বর) রাতে খুদে বার্তার মাধ্যমে জানান, ৫ সেপ্টেম্বর থেকে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকায় এরই মধ্যে অপরাধীরা গা ঢাকা দিয়েছে। সেইসঙ্গে নিজেদের অবৈধ অস্ত্র সরিয়ে ফেলতে নানা পন্থা অবলম্বন করছে।
পূর্বধলা উপজেলার জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদে শপিং ব্যাগে ফেলে যাওয়া ব্রাজিলিয়ান ব্র্যান্ডের একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও নিশ্চিত করেন এই সেনা কর্মকর্তা।
জানা গেছে,যৌথ অভিযানে দুষ্কৃতিকারীরা নিজেদের কাছে ছিনতাই করা অবৈধ অস্ত্র রাখতে অস্বস্তিবোধ করায় নামাজ পড়ার ছলে মসজিদে অস্ত্র রেখে যায়। কুমুদগঞ্জ জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে অস্ত্রটি দেখতে পান। পরবর্তীতে মসজিদ কমিটিকে অবহিত করেন ও সেনাবাহিনীকে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে অস্ত্রটি উদ্ধার করে।