বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার (২৪ মার্চ) এ সম্মেলনে অংশ নিতে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবেন।
আগামী ২৬ থেকে ২৯ মার্চ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা অংশ নেবেন। সম্মেলনে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালী করা, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সংস্থার ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। আগামী ১ এপ্রিল প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে বাণিজ্য সুবিধা, শুল্ক ও কোটা ছাড়াই বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয় তুলে ধরবে।
বাণিজ্যমন্ত্রী সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও পার্শ্ব বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের রফতানি বাড়ানো, বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয় নিয়ে আলোচনা হবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার এ সম্মেলন সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এখানে সদস্য দেশগুলো বৈশ্বিক বাণিজ্য নীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা।