আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনগণের আস্থা অর্জন ও প্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়েছে। এ কারণে জনগণের আস্থা ও প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি। সরকারের নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়ন করাই এখন মূল লক্ষ্য। সে জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে যে গণতান্ত্রিক সংস্কার আনা প্রয়োজন, তার অগ্রাধিকার আগে নির্ধারণ করতে হবে।

পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়েছে। এ কারণে জনগণের আস্থা ও প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি। সরকারের নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়ন করাই এখন মূল লক্ষ্য। সে জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে যে গণতান্ত্রিক সংস্কার আনা প্রয়োজন, তার অগ্রাধিকার আগে নির্ধারণ করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিক মানোন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চায় সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। তবে এর সঙ্গে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট অনুমোদনের বিষয়ও জড়িত। এ সময় নতুন জনবল নিয়োগ ও সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি বাস্তবসম্মত ও সঠিক পরিকল্পনা প্রয়োজন। এ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দফতর ও সংস্থার প্রধানদের কাছ থেকে পরামর্শ ও সুপারিশ প্রস্তুত করার নির্দেশ দেন তিনি। এসব সুপারিশের ভিত্তিতেই সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্বে থাকা মো. দেলোয়ার হোসেন, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও