বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘বাংলাদেশ মধ্যম আয়ে উন্নতি করণে বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির তহবিল বন্ধ করেছেন। তবে আমাদের মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি, আমার প্রতিশ্রুতি হলো- ইউএসএআইডির তহবিল বন্ধ করলেও প্রয়োজনে নিজস্ব ফান্ডে এসব প্রকল্প শেষ করা হবে।’
আজ সোমবার (৯ জুন) বিকালে ইউএসএআইডির অর্থায়নে নির্মিত সবজির রাজধানী খ্যাত যশোরের বারিনগরে যশোর কোল্ড স্টোরেজ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা কৃষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছি। তাদের মজুদকরণ সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছি। বাজার সম্প্রসারণে যেসব প্রকল্প রয়েছে সেগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে শৃঙ্খলা ও বাণিজ্য নীতি মানার বাধ্যবাধকতা রয়েছে। সেগুলো মেনে কাজ করছি।’
বারিনগর থেকে সবজি ট্রেন বন্ধ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ট্রেনের সঙ্গে কৃষকের যে সংযোগের প্রয়োজন ছিল, সেটা কৃষকের সঙ্গে তৈরি করা যায়নি। এটা আসলেই দুঃখজনক।’