জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও নিহত যোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা সেনাবাহিনীর

মঙ্গলবার (২৫ মার্চ) সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।

ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও নিহত যোদ্ধাদের পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে ৭২ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে অংশগ্রহণকারী যোদ্ধাদেরকে জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এ আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি বরং কীভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সঙ্গত দাবি আদায় করা যায় সে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি আরো উল্লেখ করেন যে বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ এ মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।

সেনাপ্রধান বিশেষভাবে আশাবাদ ব্যক্ত করেন যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে একতাবদ্ধ হয়ে কাজ করলে এ দেশ সমৃদ্ধির শিখরে আরোহন করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত যোদ্ধাদের প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

আরও