রাষ্ট্রীয় তহবিল অপচয়ের অভিযোগে গ্রেফতারের চার দিন পর জামিন পেয়েছেন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। মঙ্গলবার (২৬ আগস্ট) কড়া নিরাপত্তার মধ্যে দীর্ঘ শুনানি শেষে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট নীলুপুলি লঙ্কাপুরা তার জামিন আবেদন মঞ্জুর করেন।
গত শুক্রবার গ্রেফতার হন ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালে হাভানায় জি-৭৭ শীর্ষ সম্মেলন এবং নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের পর ফেরার পথে ব্রিটেনে যাত্রাবিরতিতে সরকারি তহবিল থেকে ৫৫ হাজার ডলার অপব্যয় করেছেন তিনি।
ওইদিন হেফাজতে নেয়ার পর ডিহাইড্রেশন শুরু হলে প্রথমে কারাগারের একটি হাসপাতালে এবং পরে সরকারি প্রধান হাসপাতালে ভর্তি করা হয় বিক্রমাসিংহকে। হাসপাতালের বেডে থেকেই আজ ভার্চুয়ালি জামিন শুনানিতে অংশ নেন তিনি। সেখানে তাকে সশস্ত্র পাহারায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আগামী ২৯ অক্টোবর তার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।