চান্দিনায় ৩ কিলোমিটার সড়ক বেহাল

৮ বার দরপত্র ডেকেও মেলেনি ঠিকাদার

কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর-মাইজখার আঞ্চলিক সড়কের তিন কিলোমিটার গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।

সংস্কারের অভাবে শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাদাপানিতে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও চালকরা। আটবার দরপত্র ডেকেও মেলেনি উপযুক্ত ঠিকাদার। পুনরায় প্রাক্কলন তৈরি করে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, পূর্ব মাইজখার মহিলা দাখিল মাদরাসা থেকে আলীকামোড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এবং চিলোড়া বাশার হুজুরের বাড়ির পূর্ব পাশ থেকে চিলোড়া বাজার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক কয়েক বছর আগে ইটের সোলিং করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে পুকুর ও মাছের প্রকল্পের পাড় হিসেবে ব্যবহারের কারণে সড়কের অংশবিশেষ ভেঙে গেছে।

কুমিল্লা নির্বাহী প্রকৌশলী মো. মফিজ উদ্দিন বলেন, ‘চান্দিনা উপজেলা প্রকৌশলী এ বিষয়ে আমাকে অবহিত করেছেন। সড়ক উন্নয়নের জন্য আটবার দরপত্র আহ্বান করা হয়েছে। উপযুক্ত ঠিকাদার অংশগ্রহণ না করায় কাজ শুরু হয়নি। পুনরায় প্রাক্কলন তৈরি করে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।’

আরও