ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে সন্দেহভাজন পরিবহন তল্লাশিকালে ট্রাকের ধাক্কায় এক এসআরবি সদস্য নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত র্যাব সদস্যের নাম মো. আলমগীর (৪৬)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে ফেনীস্থ এসআরবি-৭ এ প্রেষণে দায়িত্ব পালন করছিলেন আলমগীর।
মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ফতেহপুর স্টার লাইন পাম্প সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে পরিবহনে তল্লাশি চালায় এসআরবি। একটি কাভার্ডভ্যানকে দাঁড় করে তল্লাশি চালানোর সময় অপর একটি ট্রাককে থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু চালক না থামিয়ে কাভারভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে পাশের গর্তে পড়ে যায় ট্রাকটি। ৯৯৯ এর মাধ্যমে অবহিত হয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা গুরুতর আহত অবস্থায় মো. আলমগীর ও ট্রাক চালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ট্রাক চালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার্স ইনচার্জ নোমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাক ও কাভারভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, দায়িত্বপালনরত অবস্থায় গাড়ি চাপায় আমাদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে যাবতীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।