লক্ষ্মীপুর জেলা পরিষদের দখলে চলে যাওয়া সব জমি ও স্থাপনা পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু। তিনি বলেন, এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলার রামগঞ্জ উপজেলায় জেলা পরিষদের বেদখল জমি ও স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রামগঞ্জে জেলা পরিষদের জায়গায় গড়ে ওঠা জিয়া শপিং কমপ্লেক্সে নকশাবহির্ভূতভাবে নির্মিত ১৩টি দোকান তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেন প্রশাসক।
সাহাব উদ্দিন সাবু বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে উন্নয়ন কার্যক্রম জোরদার করে জেলা পরিষদকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলা পরিষদের অনেক জমি ও স্থাপনা দখল করে রাখা হয়েছে, ফলে দীর্ঘদিন ধরে রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে জেলা পরিষদ।
এ সময় তিনি আরো বলেন, বেদখল জমি উদ্ধার করে রাজস্ব আদায় বৃদ্ধি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং এলাকার মানুষের চাহিদা বিবেচনায় রাস্তাঘাট উন্নয়নে কাজ করা হবে।
এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পরিষদের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।