ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি-সংলগ্ন মন্দিরের গেটে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সেই জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন সাম্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি করা হয়েছে। আজ বুধবার (১৪ মে) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে। অন্য সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। সহকারী প্রক্টর শারমীন কবির কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সাচিবিক দায়িত্ব পালন করবেন।

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি-সংলগ্ন মন্দিরের গেটে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সেই জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তিনি ঢাবির শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়।

আরও