বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাই মিলেমিশে একটা মানবিক বাংলাদেশ গড়ব। এ বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মানুষের দুঃখে সাড়া দেবে। এই বাংলাদেশে সরকার জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র গঠন করবে। কোরআনের ভিত্তিতে এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি।
সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার সেলিম তালুকদারের শ্বশুর বাড়িতে রোজাকে দেখতে এসে তিনি এ কথা বলেন। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সেলিম তালুকদার রমজানের কন্যা রোজার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর আমির বলেন, এ শিশুটির পরিবারের পক্ষ থেকে নাম রাখা হয়েছিল রোজা। আমরা ওর নাম দিচ্ছি সাইমা সেলিম। এ শিশুর বড় হওয়া পর্যন্ত আমরা তার সঙ্গে থাকব। সে আমাদের পরিবারের সদস্য, আমাদের সবার কাছে আমানত। এই শিশুর লেখাপড়া, চিকিৎসাসহ তার বিবাহের দায়িত্ব জামায়াতে ইসলামীর।
তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার খুনিদের দ্রুত বিচার হোক, ন্যায়বিচার হোক। বিচার হলেই শহীদদের পরিবার ও দেশবাসী শান্তি পাবে। সরকার প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে, সেটা দেয়া হলে পরিবারের জন্য উপকার হবে। এছাড়া আহত যারা আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের সংগঠন থেকে তৌফিক অনুয়ায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি ও ভবিষ্যতেও থাকব।