ডাকসু নির্বাচন

নির্বাচন স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে, ফলাফল সাদরে মেনে নিচ্ছি: বাগছাস নেতা

ডাকসুর ভোট গ্রহণ থেকে ফলাফল পর্যন্ত পুরো প্রক্রিয়া স্বাভাবিক ছিল উল্লেখ করে ফলাফল সাদরে গ্রহণ করার ঘোষণা দিয়েছেন ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী মহির আলম।

বুধবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়াই স্বাভাবিক ছিল। শিক্ষার্থীরা যে রায় দিয়েছে, সেটাকে আমি সাদরে মেনে নিয়েছি।

কেউ হয়তো প্রত্যাশার তুলনায় বেশি বা কম ভোট পেয়েছে এটাই নির্বাচন। গণতান্ত্রিক শিষ্টাচারের অংশ হিসেবে আমি ডাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাই।

যারা আমার জন্য এতদিন পরিশ্রম করেছেন, শ্রম ও সময় দিয়েছেন আপনাদের নিরাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বন্ধু, সহপাঠী, সিনিয়র ও জুনিয়রদের প্রতি আমি কৃতজ্ঞ।‘

এ পোস্টে তিনি আরো বলেন, ‘আগস্টের পরে রাজনীতির মাঠে আমি সবসময় প্রায় একাই ছিলাম; বড় কোনো আপার হ্যান্ড ছাড়া নিজের চেষ্টায় যতটা পেরেছি নিজেকে গড়ে তুলেছি। ডাকসুতেও নিজ উদ্যোগে প্রচারণা চালিয়েছি।‘

তিনি বলেন, ‘আমি আত্মকেন্দ্রিক নই। আশপাশের হলগুলোতেও সবসময় খোঁজ নিয়েছি। আমি জিতি বা হারি—হলে হলে আমার কাছের মানুষদের জেতানোর চেষ্টা করেছি। কষ্ট লাগছে তাদের জন্য, যারা অনেক পরিশ্রম করেও সফল হতে পারেনি। আল্লাহ তাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।‘

তিনি আরো বলেন, ‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ডাকসুতে জিতলে হয়তো আমার পথ আরো সহজ হতো, কিন্তু আমি মাঠে থাকব আপনাদের সঙ্গে। আমি এখনো শিখছি, এত অল্পতেই হতাশ হওয়ার পাত্র আমি নই। সবশেষে আমি সবসময় বিশ্বাস করি আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আমার জন্য যা পরিকল্পনা করেছেন সেটাই হবে। আল্লাহর ওপর ভরসা রাখি।‘

আরও