বঙ্গোপসাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল হয়ে উঠেছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে এটি দেশের অন্যান্য এলাকায়ও বিস্তার লাভ করতে পারে। ফলে দেশের সব বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন এবং বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির কারণে উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সতর্কতার অংশ হিসেবে মাছধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সাগরে মাছ ধরা বর্তমানে বন্ধ থাকায় সব মাছধরা ট্রলার তীরে নিরাপদ অবস্থানে রয়েছে।’

আরও