বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল মিথ্যা কথা বলে মা-বোনদের বিভ্রান্ত করছে। তারা বলছে, জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এসব মূলত বিভ্রান্তিকর কথা।
রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারের সময় ছিল আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। কিন্তু এখন সেসময় নেই। এখন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।
তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।
মির্জা ফখরুল বলেন, আমাদের মা-বোনেরা যারা এনজিও থেকে সুদে ঋণ নিয়েছেন তাদের কিস্তি দিতে হচ্ছে। ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব বিএনপি নেবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।