নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকায় অবস্থিত ফকির ফ্যাশন ও ইউরোটেক্স গামেন্টসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা হামলা চালিয়ে ভাঙচুর করে শ্রমিকদের বের করে নিয়ে গেছে। রোববার (৪ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। পরে ফতুল্লার বিসিক শিল্প নগরীতে অবস্থিত গার্মেন্টস কারখানা বন্ধ রাখার জন্য হামলা চালাতে গেলে বিসিক মালিক সমিতি কর্তৃপক্ষ গার্মেন্টস ছুটি ঘোষণা করে।
এ সময় বিসিক শিল্প নগরীতে কিছু শ্রমিক ১ দফা দাবির আন্দোলনে যোগ দেন। স্লোগান দিতে দিতে চাষাঢ়ার দিকে এগিয়ে যান তারা। তবে সাধারণ শ্রমিকরা সুশৃঙ্খলভাবে বের হয়ে বাড়ি ফিরে গেছেন।
বিসিক শিল্প নগরী মালিক সমিতির সভাপতি মো. হাতেম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা রোববার সকালে ফতুল্লা কারিমপুর এলাকায় অবস্থিত ফকির ফ্যাশন ও ইউরোটেক্স গার্মেন্টস কারখানা হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা শ্রমিকদের বের করে নিয়ে যায়। পরে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কোর্টের সামনে আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। পরে বিসিক শিল্প নগরীতে তারা হামলা চালানোর চেষ্টা করলে বিসিকের কোনো কারখানায় হামলা-ভাঙচুর যাতে না হয়, সে কারণে বিসিক শিল্পনগরীর সকল শ্রমিকদের ছুটি দিয়ে দেয়া হয়।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত কিছু লোক ফতুল্লার ফকির ফ্যাশনও ইউরোটেক্স গার্মেন্টসে হামলা চালিয়ে গার্মেন্টস বন্ধ করে দিয়ে শ্রমিকদের নিয়ে যায়। খবর পেয়ে ফতুল্লা বিসিক শিল্পনগরী ও বন্ধ ঘোষণা করা হয়েছে।