গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৫৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ১২২ জনের মৃত্যু হলো।
আজ রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫৪০ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ যাবত ২৯ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪০ দশমিক ৪ শতাংশ নারী।