ফেনীতে সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। একই দুর্ঘটনায় তার বাবাও গুরুতর আহত হয়েছেন। আজ ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভুঁইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নূর আলম (৫৫) ও তার ছেলে নূর মোহাম্মদ (১৪) সেহেরি খেয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে মসজিদের দিকে যাচ্ছিলেন। তারা দাগনভুইয়ার চৌধুরী বাড়ির সামনে পৌঁছালে ঢাকা মেট্রো-ট ২২-৩৯৫৫ নম্বরের একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নূর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত নূর আলমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
মহিপাল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।