ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন ভোটগ্রহণ চলাকালীন চার ধাপে প্রদত্ত ভোটের সংখ্যা ও শতকরা হার প্রেরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে দেশের সব রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলাকালীন নির্দিষ্ট সময় অন্তর সারাদিনে মোট চারবার ভোটের তথ্য সংগ্রহ করতে হবে। এ সময়গুলো হলো—সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা ও ভোটগ্রহণ শেষ হওয়ার পর। প্রতিবার ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছ থেকে প্রদত্ত ভোটের সংখ্যা ও শতকরা হার সংগ্রহ করতে হবে।
চিঠিতে আরো বলা হয়, প্রতিটি কেন্দ্রের ভোটের তথ্য সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার তত্ত্বাবধানে ডাটা এন্ট্রি অপারেটর আরএমএস ইউজারের মাধ্যমে লগইন করে কেন্দ্রভিত্তিকভাবে এন্ট্রি করবেন। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কপোত ড্যাশবোর্ড ব্যবহার করে এসব তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন।
এ ছাড়া নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও এ পরিসংখ্যান মনিটর করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফলে প্রদত্ত ভোটের তথ্য নির্ধারিত সময়ে ও সঠিকভাবে এন্ট্রি করা বাধ্যতামূলক বলে জানিয়েছে ইসি।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিবার তথ্য সংগ্রহের সময় ভোটগ্রহণ শুরু থেকে নির্ধারিত রিপোর্টিং সময় পর্যন্ত ব্যালটের মুড়ি গণনা করে ভোটের সংখ্যা নির্ধারণ করতে হবে। বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।