ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন ।
শোকবার্তায় তিনি বলেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এই দুঃখজনক ঘটনায় ২৪২ জনের মৃত্যু হয়েছে- যা আমাদের সবাইকে শোকাহত করেছে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।
প্রধান উপদেষ্টা বলেন, এই শোকের সময়ে আমরা ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি আমাদের প্রার্থনা ও সহানুভূতি জানাচ্ছি। ভারত সরকার ও ভারতীয় জনগণের পাশে আমরা দৃঢ়ভাবে আছি এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।